পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। সোমবার (২২ জুন) তীব্র রাজনৈতিক চাপ এবং জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষাপটে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীকে সঙ্গে নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বের হয়ে জনসম্মুখে নিজের পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। এ সময় উপস্থিত সমর্থকদের করতালি ও উল্লাস লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে লেবার পার্টির অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তনের পথ উন্মুক্ত হলো। দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের কাছে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জনের মাধ্যমে যুক্তরাজ্যের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। তবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করায় তাঁর সেই প্রতিশ্রুতি পূর্ণতা পেল না।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে-বাইরে সমালোচনা বাড়ছিল। বিশেষ করে গত শুক্রবার গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম একটি পার্লামেন্টারি উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে হাউস অব কমন্সে ফিরে আসার পর নেতৃত্ব পরিবর্তনের দাবি আরও জোরালো হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বার্নহামের এই বিজয় লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দলটির অনেক সদস্য মনে করছেন, ক্রমশ জনসমর্থন হারাতে থাকা দলকে নতুন করে সংগঠিত করতে এবং ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে অ্যান্ডি বার্নহাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।





