হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটির নিরাপত্তা এবং ঘটনার প্রকৃতি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। জাহাজটির ক্যাপ্টেন এ হামলার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

আরও পড়ুন: ইসরাইলি প্রযুক্তির যুদ্ধসরঞ্জাম সৌদি-কাতারের হাতে, দাবি হারেৎজের

প্রাথমিক তথ্যে জানা গেছে, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারটির কমান্ড সেন্টারে আঘাত করে। তবে এতে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং হামলার কারণে কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানিয়েছে, ঘটনার কারণ ও দায়ী পক্ষ শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: নরসিংদীতে আজ কোনো ভূমিকম্প হয়নি, পুরোনো তথ্য প্রকাশে বিভ্রান্তি

এর আগে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এদিকে বাহরাইন অভিযোগ করেছে, শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। তবে ড্রোনগুলো সরাসরি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশটির ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে তারা দাবি করেছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করেছে।

তবে ইরানের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা