জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ও ওমানে রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে মার্কিন যুদ্ধবিমান এবং ওমানে মার্কিন সামরিক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, তাদের চলমান প্রতিশোধমূলক অভিযানের ১৩তম ধাপ দৃঢ়তার সঙ্গে অব্যাহত রয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং ইরান-ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালির একটি পাথুরে অংশে থাকা সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডার ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: পাঁচ হাজার মার্কিন সেনা আসছে পাতায়ায়, যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জর্ডানে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারেও হামলার দাবি করেছিল ইরান।

আইআরজিসির দাবি অনুযায়ী, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বেশ কয়েকটি অস্ত্রের গুদাম এবং দুটি হিমার্স (HIMARS) ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

আইআরজিসি বলছে, ইরানের টেলিযোগাযোগ ও রেল নেটওয়ার্কসহ বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা