সিরিয়ার ইদলিবে গোলাবারুদভর্তি গাড়িতে বিস্ফোরণ, নিহত ৫
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের বিনিশ শহরে গোলাবারুদভর্তি একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার ইদলিবের গ্রামাঞ্চলের বিনিশ এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা দেশটির কর্তৃপক্ষ ও একটি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি
এর আগে ইদলিব জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছিল, বিস্ফোরণে দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের আশপাশে থাকা দুটি গাড়িও ধ্বংস হয়ে যায়।
ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: পাঁচ হাজার মার্কিন সেনা আসছে পাতায়ায়, যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক বিস্ফোরণের পরও গাড়িতে থাকা গোলাবারুদ একের পর এক বিস্ফোরিত হতে থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে নতুন করে বিস্ফোরণ এবং গোলাবারুদ ও বিস্ফোরণের ধ্বংসাবশেষ ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, বিস্ফোরিত গাড়িটি বিনিশ শহরের স্থানীয় এক অস্ত্র ব্যবসায়ীর মালিকানাধীন ছিল।
দীর্ঘদিনের সাবেক শাসক বাশার আল-আসাদকে ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত করার আগে ইদলিব অঞ্চলটি বিভিন্ন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর অন্যতম ঘাঁটি ছিল। সেখানে সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এসব বিস্ফোরণের কারণও অনেক সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয় না।
এর আগে গত নভেম্বরে কাফর তাহারিম শহরের একটি ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের গুদামে বিস্ফোরণে পাঁচজন নিহত ও নয়জন আহত হন বলে জানিয়েছিল সামরিক বাহিনী।
এর তিন মাস আগে ইদলিব শহরের উপকণ্ঠে যুদ্ধের অবশিষ্ট সামগ্রী সংরক্ষিত একটি স্থাপনায় বিস্ফোরণে চারজন নিহত হন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।





