এখনও আটকা অনেকে

নেপালের জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক উদ্ধার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের একটি জলবিদ্যুৎকেন্দ্রের ভূগর্ভস্থ টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সেখানে এখনও বহু শ্রমিক আটকা রয়েছেন বলে জানা গেছে।

আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে শত শত শ্রমিক আটকা পড়ার নয় দিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) উদ্ধার অভিযান চালিয়ে এই দুইজনকে বের করে আনা হয়।

আরও পড়ুন: ইরানের ওপর মার্কিন চাপ, স্পষ্ট হচ্ছে চীনের সমর্থন

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে অল্প সময়ের ব্যবধানে ওই দুই শ্রমিককে উদ্ধার করেন উদ্ধারকারীরা। ওই টানেলের ভেতরে নিখোঁজ ৪২ শ্রমিকের সন্ধানে কয়েক দিন ধরে খনন করে অভিযান চালানো হচ্ছিল।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির তৈরি ছোট একটি গর্ত দিয়ে একজন শ্রমিককে বের করে আনছেন। নিরাপদে বাইরে আসার পর তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্ধারকারীরা এবং হাততালি দিতে দেখা যায় তাদের।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে ইরানের নতুন কৌশল

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানিয়েছেন, টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

জলবিদ্যুৎকেন্দ্রটির ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ। ভয়াবহ বন্যার সময় ওই টানেলের ভেতরে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন।

ত্রিশূলী নদীর তীরে থাকা নেপালের বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র এবারের বন্যা ও ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে নেপালের পাশাপাশি চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করছিলেন।

ভয়াবহ বন্যার পানির প্রবল স্রোতে ত্রিশূলী নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে নেপালে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।