পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে যাওয়া একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আশঙ্কায় এর আগেই ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: খোঁজ মিললো জাভা সাগরে সেই নিখোঁজ ফেরির

কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর ফেরার পথে বরিস জনসনের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তারা যে কূটনৈতিক ট্রেনে ছিলেন, সেটি হামলার শিকার হয়নি।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, রুশ হামলার আশঙ্কায় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে কূটনৈতিক ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে যায়।

আরও পড়ুন: সৌদি আরব ইয়েমেনে হামলা বাড়ালে জবাব হবে আরও ভয়াবহ

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার শিকার হওয়া ট্রেনটির যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হামলার মাত্র ১৫ মিনিট আগে। পরে ট্রেনটির ইঞ্জিনে ড্রোনের আঘাত লাগে।

ইউক্রেনের রেলওয়ে সংস্থা বলেছে, ‘সম্ভবত কূটনৈতিক ট্রেনটিই’ রুশ ড্রোনের লক্ষ্য ছিল। তবে রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তিনিও অক্ষত রয়েছেন।

ইউক্রেন ও পোল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আঘাত হানে। সীমান্তের এত কাছে হামলার ঘটনায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।