স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:০৭ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর একদিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী মাহাথিরকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগের দিন সোমবার তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

আরও পড়ুন: দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি। এতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, মাহাথিরের বর্তমান অবস্থা স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন: রাশিয়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

সিতি হাসমাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। মাহাথির ও সিতি হাসমাহ দম্পতির সাত সন্তান রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মাহাথিরকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হৃদরোগজনিত সমস্যার কারণে এর আগে তার বাইপাস অস্ত্রোপচারও করা হয়। চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার পরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই নেতা দুই দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।