শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ১৪০ কিলোমিটার।

আরও পড়ুন: উত্তাল দিল্লিতে গণগ্রেফতার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।

এদিকে বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। ওই সতর্কতায় জাপানের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা জানানো হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯।

আরও পড়ুন: দিল্লিতে কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে ও বামপন্থী নেত্রী নেহা বোরাকে

প্রতিবেদন অনুযায়ী, ৯.৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাসটি সত্যি হলে তা রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হতো।

কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগর ঘিরে বিস্তৃত ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এর অংশ। এ অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

এর আগে গত বছরের জুলাইয়ে কামচাতকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়।