ঢালিউডের নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনলাইন প্রতারণা, প্রেম ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ফিল্টার’। সিনথিয়া ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন সাইমন তারিক টিম। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক ও চাঁদনী শেখ।

গত কয়েক দিন ধরে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির শুটিং। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইন প্রতারণার বিভিন্ন ঘটনা এবং প্রেম ও বন্ধুত্বের সম্পর্কের নানা দিককে ঘিরে এগোবে এর কাহিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকৌশল ও সাফল্যও গল্পে স্থান পাবে।

আরও পড়ুন: শিউলি ফুলের খোঁজে পরীমনি

বর্তমানে নেত্রকোনার বিরিশিরিতে চলছে সিনেমাটির গানের দৃশ্যধারণের কাজ। শুটিংয়ের পরিস্থিতি নিয়ে ওমর মালিক বলেন, বিরিশিরিতে গানের দৃশ্যধারণ চলছে। আবহাওয়া বেশ গরম হওয়ায় কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে গানের কাজ ভালো লাগায় এই প্রতিকূলতার মধ্যেও শুটিং উপভোগ করছি।


আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘ক্লেফেইস’

ওমর মালিক জানান, চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণ করতে গিয়ে আহত হন ওমর মালিক। পরবর্তী সময়ে শিডিউল জটিলতা এড়াতে অসুস্থ অবস্থাতেই ‘ফিল্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন বলে জানান এই অভিনেতা।