ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রাথমিক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলে বিস্তারিত প্রকাশ করা হবে।

আরও পড়ুন: দুই হাজার কিলোমিটারের সীমা তুলে নিল ইরান, আরও দূরপাল্লার মিসাইল তৈরির পরিকল্পনা

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় দুটি বস্তু আঘাত হানতে দেখেছেন। হামলার আগে দ্বীপের আকাশে বিমানের শব্দও শুনেছিলেন তাঁরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি—এমন খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, দুই দেশ এখনো একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় সহায়তা করতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমন্বয় রেখে কাতারের মধ্যস্থতা অব্যাহত রয়েছে।

কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি দাবি করে, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

এর আগে শুক্রবার একই দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের খবর প্রকাশ করেছিল ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে ওই তথ্য জানানো হয়।