ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। এ ঘটনার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অঞ্চলটির প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় একটি ড্রোন গ্যাসক্ষেত্রের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয়। খবর রয়টার্সের।

আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত অন্তত ১১২

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ড্রোন হামলার পরপরই গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হামলার পরও সেখানে আগুন জ্বলছিল। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

হামলার পর গ্যাসক্ষেত্রের কর্মীদের নিরাপত্তার স্বার্থে স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: নেতানিয়াহুর বিদায়, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার ক্ষয়ক্ষতি ও প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। ফলে হামলার কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

এর আগে গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন পর আবার উৎপাদন শুরু করা হয়।