রাজীবের প্রথম সিনেমায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নির্মাতা আদনান আল রাজীব। তার পরিচালনায় প্রথম সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সিনেমাটির নাম ‘অপলক’। গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ও প্রধান দুই অভিনয়শিল্পীর পরিচয় প্রকাশ করেছেন নির্মাতা।
এর আগে গত জুনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আদনান আল রাজীব। তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু জানিয়েছিলেন, আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। এবার নিশো ও মেহজাবীনের নাম প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।
আরও পড়ুন: স্পেনে পুরস্কার জিতল বাংলাদেশী ২ সিনেমা
‘অপলক’ মূলত প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে। তবে প্রচলিত প্রেমের গল্পের বাইরে গিয়ে ভিন্নভাবে বিষয়টি তুলে ধরতে চান নির্মাতা। ক্যারিয়ারের শুরুর দিকে ‘কাছে আসার গল্প’ নির্মাণের পর থেকেই বড় পর্দায় একটি বিশেষ ধরনের প্রেমের গল্প বলার ইচ্ছা ছিল তাঁর। সেই ভাবনা থেকেই দীর্ঘ সময় ধরে তৈরি করেছেন ‘অপলক’-এর চিত্রনাট্য।
সিনেমাটির গল্প নিয়ে আদনান আল রাজীব জানান, প্রায় এক বছর ধরে এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। লেখার বিভিন্ন পর্যায়ে বারবার পরিবর্তন ও পরিমার্জন করেছেন। নিজের ভাবনাকে ঠিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কয়েক মাস আগে গল্পটির এমন একটি রূপ পেয়েছেন, যা তাঁর নিজের কাছেও পরিপূর্ণ মনে হয়েছে। এবার সেই গল্পকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: পাঁচ বছর পর আবারও সোনারগাঁয়ে ‘ইত্যাদি’
এদিকে সিনেমাটিতে অভিনয়ের জন্য এর আগে সিয়াম আহমেদের নামও আলোচনায় এসেছিল। নির্মাতা জানিয়েছিলেন, সিয়ামসহ কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। তবে শেষ পর্যন্ত ‘অপলক’-এর গুরুত্বপূর্ণ দুই চরিত্রের জন্য আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকেই চূড়ান্ত করেছেন তিনি।
এই দুই অভিনয়শিল্পীকে নির্বাচনের বিষয়ে রাজীব বলেন, চলচ্চিত্র নির্মাণ নিয়ে যাঁদের চিন্তাভাবনা ও স্বপ্নের সঙ্গে তাঁর নিজের ভাবনার মিল রয়েছে, এমন কয়েকজন সহকর্মীকে পাশে পেয়ে তিনি আনন্দিত। গল্পের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে নিশো ও মেহজাবীনকে পরিচয় করিয়ে দিলেও সিনেমাটিতে আরও কয়েকজন পরিচিত ও দক্ষ অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। উপযুক্ত সময়ে তাঁদের নামও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে ‘অপলক’-এর শুটিং। আপাতত সিনেমাটির কাজেই সম্পূর্ণ মনোযোগ দিতে চান আদনান আল রাজীব। নিজের দীর্ঘদিনের স্বপ্নকে বড় পর্দায় বাস্তব রূপ দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আদনান আল রাজীব নাটক ও ওটিটি কনটেন্ট নির্মাণেও কাজ করেছেন। তবে তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি এনে দেয়। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে পুরস্কার জয়ের রেকর্ড গড়ে ছবিটি। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’ দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।





