তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে (জিএমটি ৮টা ৪৬ মিনিট) ইজমির শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস (HABAS) কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তদন্তের নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল
ইজমিরের গভর্নর জানান, কারখানার একটি বয়লার পরিবর্তনের কাজ চলার সময় ওপরের দিকে থাকা একটি ক্রেন বড় আকারের শিল্প চুল্লির ওপর পড়ে যায়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইজমিরের মেয়র সেমিল তুগায় বলেন, ধ্বংসস্তূপ সরানোর পরই হতাহত ব্যক্তির প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: হোয়াইট হাউসের কাছে পরপর নিরাপত্তা লঙ্ঘন, আটক ২
প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তাঁর কাছে সেটিকে ভূমিকম্পের মতো মনে হয়েছে। তিনি বলেন, রাস্তার অপর পাশে থাকা কারখানাটির দিকে তাকিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। কারখানার চিমনির পাশে আগুনও জ্বলছিল।
এদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। তুরস্কের লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি আরও দাবি করে, গত ১০ বছরে কারখানাটিতে বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মীর মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ, কারখানায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার মান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
সূত্র: আলজাজিরা





