হোয়াইট হাউসের কাছে পরপর নিরাপত্তা লঙ্ঘন, আটক ২

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান কর্মস্থল হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হোয়াইট হাউস অবরুদ্ধ (লকডাউন) করে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের সামনের লাফায়েত পার্কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় গাড়ির চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। পরে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল

প্রায় একই সময়ে পার্কের উত্তর-পশ্চিম দিকের একটি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন আরেক ব্যক্তি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকেও আটক করেন। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় প্রায় এক ঘণ্টা ভবনটি অবরুদ্ধ রাখা হয়। এ সময় আশপাশের সড়কেও যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে লকডাউন তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

এদিকে, আটক করা গাড়িটির ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে ঘটনাস্থলে পুলিশের বিশেষ দল পাঠানো হয়। তবে গাড়িতে বিস্ফোরক পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, তা-ও স্পষ্ট করা হয়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।