নাশকতা, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন কমিশনার।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ দেখতে দর্শনার্থীদের ভিড়
সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার।
সভা সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও অতিরিক্ত দায়িত্বে (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম-সেবা এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নেন।





