সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫২ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অবিলম্বে এ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনিই।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে আইনি নোটিশ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে। এতে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশাসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়।

গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে। যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার চেয়ে বেশি।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যাহত হতে পারে শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতাও।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে হাইকোর্টের এ নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে বিশেষজ্ঞ কমিটি গঠন করে নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেয়, সেটিই দেখার বিষয়।