আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন কোনো মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ধারাবাহিকভাবে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইনজীবীরা জানান, আইভী ইতোমধ্যে ১০টি মামলায় জামিন পেয়েছেন। এরপর নতুন করে আরও দুই মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়, যার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

আরও পড়ুন: এমপি সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

এর আগে সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাইকোর্ট এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন, কেন ধারাবাহিকভাবে শ্যোন অ্যারেস্ট দেখানো অবৈধ ঘোষণা করা হবে না।