নাসির-তামিমা দম্পতিকে খালাস দিলেন আদালত
ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা ব্যভিচার, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া এবং মানহানির মামলায় খালাস দিয়েছেন আদালত। অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়েই আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, শুনানি ১৬ জুন
আদালতের রায়ে বলা হয়, মামলার বিভিন্ন ধারায় আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি। ফলে আসামিদের খালাস দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করলেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে।
আরও পড়ুন: আনার হত্যা মামলার আসামি শিমুল জামিন পেলেন হাইকোর্টে
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার একটি আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১১ সালে তামিমার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে নাসির হোসাইনের সঙ্গে তামিমার বিয়ের খবর প্রকাশ্যে এলে তিনি আইনি পদক্ষেপ নেন।
মামলায় দাবি করা হয়, পূর্বের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা আইন ও ধর্মীয় বিধানের পরিপন্থী। একই সঙ্গে নাসিরের বিরুদ্ধে তামিমাকে প্রলুব্ধ করার অভিযোগও আনা হয়।
মামলাটির বিচারিক কার্যক্রম চলাকালে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী জানান, তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।





