মুখের ঘা বারবার হচ্ছে? যেসব খাবার সমস্যা বাড়িয়ে দিতে পারে

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুখের ঘা বা ক্যানকার সোর একটি অত্যন্ত সাধারণ স্বাস্থ্যসমস্যা। গালের ভেতরে, ঠোঁটের ভেতরের অংশে কিংবা জিহ্বায় ছোট ও যন্ত্রণাদায়ক ক্ষত হিসেবে এটি দেখা দেয়। জীবনের কোনো না কোনো সময়ে অধিকাংশ মানুষই এ সমস্যার মুখোমুখি হন। বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন এবং পুষ্টির ঘাটতির পাশাপাশি খাদ্যাভ্যাসও মুখের ঘা হওয়া বা তা পুনরায় ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২১ সালে জার্নাল অব ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, নিয়মিত ফল খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করলে মুখের ঘা পুনরাবৃত্তির ঝুঁকি কমতে পারে। ৭৫৪ জন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত ওই গবেষণায় গবেষকরা উল্লেখ করেন, ফলে থাকা ভিটামিন সি ও ফোলেট এবং পানিতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান মুখের ভেতরের আবরণকে সুরক্ষা দিতে সহায়তা করে।

আরও পড়ুন: কমলার উচ্ছিষ্ট থেকে যেভাবে তৈরি হলো ঘন বন

অন্যদিকে কিছু খাবার মুখের ঘা সৃষ্টি করতে পারে বা বিদ্যমান ঘাকে আরও বেশি যন্ত্রণাদায়ক করে তুলতে পারে। বিশেষ করে যাদের মুখের ঘা হওয়ার প্রবণতা রয়েছে, তাদের এসব খাবার সম্পর্কে সতর্ক থাকা উচিত।

ঝাল খাবার

আরও পড়ুন: সুপ্রাচীন ইতিহাস সম্বলিত মিউজিয়াম 'সুন্দরবন সংগ্রহশালা'

অতিরিক্ত ঝাল ও মসলাযুক্ত খাবার মুখের নরম টিস্যুতে জ্বালা সৃষ্টি করতে পারে। মরিচ, হট সস বা অতিরিক্ত মসলা ব্যবহৃত খাবার বিদ্যমান ঘার ব্যথা বাড়িয়ে দিতে পারে এবং নতুন ঘা তৈরির ঝুঁকিও বাড়াতে পারে।

অম্লীয় খাবার ও পানীয়

কমলা, লেবু, জাম্বুরা, টমেটো এবং ভিনেগারজাতীয় খাবারে উচ্চমাত্রার অম্লীয় উপাদান থাকে। এসব খাবার মুখের ক্ষতস্থানে জ্বালা সৃষ্টি করার পাশাপাশি ঘা শুকাতে দেরি করাতে পারে।

লবণাক্ত ও প্রক্রিয়াজাত স্ন্যাকস

চিপস, চানাচুরসহ অতিরিক্ত লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার মুখের শ্লৈষ্মিক ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এর ফলে মুখের ঘা আরও তীব্র হতে পারে।

শক্ত ও মচমচে খাবার

টোস্ট, ক্র্যাকার বা বাদামের মতো শক্ত খাবার মুখের ভেতরের অংশে ক্ষুদ্র আঘাত সৃষ্টি করতে পারে। যাদের মুখে আলসার হওয়ার প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এসব আঘাত থেকেই ঘা তৈরি হতে পারে।

অ্যালার্জি বা সংবেদনশীলতা সৃষ্টিকারী খাবার

কিছু মানুষের ক্ষেত্রে নির্দিষ্ট খাবার মুখের ঘার কারণ হতে পারে। চকোলেট, কফি, স্ট্রবেরি কিংবা বিভিন্ন ধরনের বাদাম খাওয়ার পর কারও কারও মুখে আলসার দেখা দিতে পারে। তবে এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্তি ভেদে ভিন্ন হয়।

বিশেষজ্ঞরা বলছেন, মুখের ঘা বারবার হলে খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার গ্রহণ এবং মুখের পরিচ্ছন্নতা বজায় রাখলে এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।