সুপ্রাচীন ইতিহাস সম্বলিত মিউজিয়াম 'সুন্দরবান সংগ্রহশালা'

Any Akter
গাজী কাইয়ুম
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবান সংগ্রহশালা। ছবিঃ গাজী কাইয়ুম
সুন্দরবান সংগ্রহশালা। ছবিঃ গাজী কাইয়ুম

বিশ্বব্যাপী সংরক্ষণ ভাবনায় এখন 'শুধু আইন প্রয়োগ' বা 'শুধু বিজ্ঞান' যথেষ্ট নয় এ কথা ক্রমশ স্পষ্ট। কারণ যেকোনো সংরক্ষণ এলাকা টিকে থাকে মানুষের সঙ্গে সম্পর্কের মাধ্যমে। সুন্দরবনের ক্ষেত্রে এই সম্পর্ক আরও জটিল: বন একদিকে মানুষের খাদ্য, কাজ, আয় ও পরিচয়ের উৎস; অন্যদিকে বাঘ, নদী, ঝড়, লবণাক্ততা সব মিলিয়ে এটি ঝুঁকিরও উৎস। সুন্দরবনকে শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে দেখলে একটি বড় সত্য আমাদের চোখ এড়িয়ে যায়। সুন্দরবান উপকূলবাসীর জীবন-জীবীকার বড় অংশ। সুন্দরবন হলো একটি সাংস্কৃতিক ভূদৃশ্য, যেখানে প্রকৃতি ও মানুষের দীর্ঘ সহাবস্থান একটি আলাদা সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা তৈরি করেছে। সুন্দরবনের প্রান্তিক জনপদ মৌয়াল, জেলে, বাওয়ালি, কাঁকড়া সংগ্রাহক, বনরক্ষী এই মানুষেরা কেবল জীবিকা নির্বাহ করে না; তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন এক লোকজ জ্ঞানভাণ্ডার তৈরি করেছে, যা বনের ঝুঁকি, সম্পদ ব্যবহার, নিরাপত্তা, নৈতিক সীমা ও আচরণবিধির সঙ্গে গভীরভাবে যুক্ত। কালের বিবর্তনে সুন্দরবানসহ উপকূলের ঐতিহাসিক সম্পদগুলো হারিয়ে যেতে বসেছে। সেগুলোর সংগ্রহের উদ্যোগ নেয় প্রেরণা নামক একটি এনজিও প্রতিষ্ঠান। 

বনের গল্প দেয়ালের ভেতর: বৃহত্তম ম্যানগ্রোভে জোয়ার-ভাটার সঙ্গে প্রতিনিয়ত বদলে যায় এর চেহারা। নদী, খাল, কাদামাটি, গরান-গেওয়া আর সুন্দরী গাছের পাশাপাশি এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, বানরসহ অসংখ্য প্রাণী।

আরও পড়ুন: সিঁড়ি দিয়ে ওঠানামায় হাঁটুতে ব্যথা? কারণ লুকিয়ে থাকতে পারে যেসব সমস্যায়


এই বিশাল প্রাকৃতিক জগতের সবটা চোখের সামনে দেখা সম্ভব নয়। মিউজিয়াম সেই অসম্ভবকে কিছুটা সম্ভব করে। ছবি ও প্রদর্শনীর মাধ্যমে সুন্দরবনের পরিবেশ, প্রাণী এবং মানুষের জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। যারা সরাসরি বনে যাওয়ার সুযোগ পান না, তাদের জন্য এটি সুন্দরবনকে জানার স্থান।

আরও পড়ুন: বারবার পাইলস ফিরে আসার প্রধান কারণ

শুধু বাঘ নয়, মানুষের গল্পও: সুন্দরবনের গল্প বলতে গেলে শুধু রয়েল বেঙ্গল টাইগারের গল্প বললে চলে না। এই বনের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা। মৌয়াল মধু সংগ্রহ করেন, বাওয়ালরা বনের বিভিন্ন সম্পদ সংগ্রহ করেন, জেলেরা নদী-খালে মাছ ধরেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল এসব মানুষের জীবন যেমন কঠিন, তেমনি ঝুঁকিপূর্ণ। বাঘের ভয়, জলদস্যুর আতঙ্ক, ঝড়-জলোচ্ছ্বাস এবং প্রতিকূল প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। মিউজিয়ামের নানা উপকরণ সেই জীবনসংগ্রামের কথাও মনে করিয়ে দেয়। ফলে সুন্দরবন এখানে শুধু একটি বন নয়—মানুষ ও প্রকৃতির সহাবস্থানের একটি জীবন্ত দলিল।

ইতিহাসের নীরব সাক্ষী: সুন্দরবনের ইতিহাস বহু পুরোনো। সময়ের সঙ্গে এই বনকে ঘিরে মানুষের কর্মকাণ্ড, বনজ সম্পদ আহরণ, নৌযাত্রা ও বসতির বিস্তার- সবকিছুই বদলেছে। সেই পরিবর্তনের নানা চিহ্ন ছড়িয়ে আছে বিভিন্ন নিদর্শন ও দলিলে। মিউজিয়াম এসব স্মৃতিকে এক জায়গায় ধরে রাখার চেষ্টা করেছে। অতীতের সঙ্গে বর্তমানের একটি যোগসূত্র তৈরি হয় সেখানে। একজন দর্শনার্থী যখন পুরোনো কোনো নিদর্শনের সামনে দাঁড়ান, তখন সেটি কেবল একটি বস্তু থাকে না; তার সঙ্গে জড়িয়ে যায় একটি সময়, একটি মানুষ কিংবা একটি হারিয়ে যাওয়া জীবনের গল্প।

সুন্দরবন আজ জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, দূষণসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই সুন্দরবনকে জানার পাশাপাশি তাকে রক্ষা করার প্রয়োজনীয়তাও সামনে আসে। মিউজিয়ামটি মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে এমন উদ্যোগের প্রয়োজন আরও বেশি। কারণ যে বনকে মানুষ চেনে, তার প্রতি মানুষের মমতা তৈরি হওয়ার সম্ভাবনাও বেশি।

সুন্দরবন মিউজিয়ামের সবচেয়ে বড় গুরুত্ব-এটি একটি বিশাল ভূখণ্ডের গল্পকে মানুষের চোখের সামনে নিয়ে আসে। সুন্দরবনের গভীরে যাওয়ার আগে কেউ যদি তার ইতিহাস জানতে চান, বনের মানুষের জীবন বুঝতে চান কিংবা এই অনন্য ম্যানগ্রোভ ইকো সিস্টেমের গুরুত্ব উপলব্ধি করতে চান, তাহলে প্রেরণার এই মিউজিয়াম হতে পারে সেই যাত্রার শুরু।

বনের ভেতর বাঘের পায়ের ছাপ হয়তো সবাই দেখতে পান না। জোয়ারের পানিতে ভেসে যাওয়া কোনো পুরোনো স্মৃতিও সবাই ছুঁতে পারেন না। কিন্তু এই মিউজিয়ামে নীরব প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে সেই অদেখা সুন্দরবনকে কল্পনা করা যাবে।

সুন্দরবন সংগ্রহশালায় নীরবে দাঁড়িয়ে থাকা প্রতিটি নিদর্শন যেন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে হারিয়ে যাওয়া এক সময়ের জীবনযাত্রায়। এখানে চোখের সামনে বাস্তব হয়ে উঠবে আমাদের অতীতের নানা স্মৃতি, ব্যবহার্য সামগ্রী, লোকজ সংস্কৃতি এবং সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্যের নানা অনুষঙ্গ।

সুন্দরবনের প্রকৃতি ও উদ্ভিদজগতের পরিচয় তুলে ধরতে সংগ্রহশালায় সংরক্ষিত আছে বিভিন্ন গাছের পাতা ও নমুনা। রয়েছে পশুর গাছের ডাল, সুন্দরী গাছের ডাল, গেওয়া গাছের ডাল, ধুন্দল গাছ, কেওড়া গাছের ডাল, বাইন ও গরান গাছের ডালসহ সুন্দরবনের নানা উদ্ভিদের পরিচিতি। পাশাপাশি রয়েছে হরিণের শিং ও বনশূকরের দাঁতের মতো প্রাকৃতিক নিদর্শন।

সুন্দরবন ও তার আশপাশের নদ-নদীর সঙ্গে মানুষের সম্পর্কও এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মালঞ্চ, কালিন্দী, চুনা, খোলপেটুয়া, কপোতাক্ষ, ইছামতি, আড়পাঙ্গাশিয়া, রায়মঙ্গল, আদি যমুনা ও মিরগাঙ নদীর জোয়ার-ভাটার পানির নমুনাও রয়েছে সংগ্রহশালায়।

প্রকৃতি ও ঐতিহ্যের পাশাপাশি কৃষিজীবনের স্মৃতিও এখানে সংরক্ষিত। রয়েছে শতাধিক দেশি শাক-সবজির বীজ; যেগুলো আমাদের স্থানীয় কৃষি, খাদ্যসংস্কৃতি ও জীববৈচিত্র্যের মূল্যবান সম্পদ। আরও রয়েছে আশির দশকের ক্যামেরাসহ সময়ের সাক্ষ্য বহনকারী নানা দুর্লভ সামগ্রী।

সুন্দরবন সংগ্রহশালা তাই শুধু কিছু পুরোনো জিনিসের প্রদর্শনী নয়; এটি আমাদের ইতিহাস, লোকজ সংস্কৃতি, কৃষিজীবন, নদী, বন ও মানুষের জীবনসংগ্রামের এক জীবন্ত স্মৃতিভাণ্ডার। এখানে এসে প্রতিটি নিদর্শনের সামনে দাঁড়ালে মনে হবে-অতীত যেন নীরবে আপনার চোখের সামনে কথা বলছে।