মালদ্বীপে ‘কাগজপত্রহীন’ বসবাসরত বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার
মালদ্বীপে বসবাসরত ‘‘কাগজপত্রহীন’’ প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য সে দেশের সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
মালদ্বীপে মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন।
হাইকমিশনার বলেন, মালদ্বীপের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করছে।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধান উপদেষ্টা বলেন, মালদ্বীপ থেকে আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।
বাংলাদেশে প্রথম কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকারী হাইকমিশনারকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, বাংলাদেশে তার (হাইকমিশনার) অবস্থানকালে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে।
হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ওষুধসহ বাংলাদেশ থেকে আমাদের আমদানি বৃদ্ধি পেয়েছে এবং মালদ্বীপের উন্নয়ন দৃষ্টিভঙ্গি দুই দেশের মধ্যে সহযোগিতার আরও সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হাইকমিশনার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রচারণায় ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকারে আমরা সত্যিই উৎসাহিত এবং মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।





