নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস
সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “না, আমি এমন লোক নই। আমার এমন কোনো সুযোগ নেই।” তিনি জানান, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, সেটিকেই এগিয়ে নিয়ে যাওয়া তার প্রধান কাজ।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
তিনি বলেন, “গত এক বছরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি।” তিনি তার অন্যতম বড় অর্জন হিসেবে ১১টি সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে ‘ঐকমত্য কমিশন’ গঠনের কথা উল্লেখ করেন। এই কমিশন আগামী মাসের শেষের দিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা সম্ভব হবে।
ড. ইউনূস বলেন, “আমরা এর শেষ পর্যায়ে এসেছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব।” এই কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এককক্ষবিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট হবে—এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে।”
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বৃদ্ধি: ২০ দিনে ৭১৪টি ফ্লাইট পরিচালনা ও পরিকল্পনা
দেশ এখন সঠিক পথে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এবারের নির্বাচনটি আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে ভালো হবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে। কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন। কেউ ভোটকেন্দ্রে যায়নি। মানুষ জানে না ভোটকেন্দ্রে কী হয়েছে।”
ড. ইউনূস আরও বলেন, যেসব লাখ লাখ ভোটার শেখ হাসিনার আমলে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচনটি অনেক বড় হবে।





