১০ হাজার টাকায় এনসিপির মনোনয়ন ফরম, শ্রমিক ও জুলাইযোদ্ধারা পাবেন ২ হাজারে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে। দলের পক্ষ থেকে সাধারণ প্রার্থীদের জন্য ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
তিনি আরও জানান, মনোনয়ন ফরম বিক্রির এই প্রক্রিয়া ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। আবেদনপত্র জমা দেওয়ার পর ১৫ নভেম্বর মনোনয়ন আবেদনের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দিতে পারবেন।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ, অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ, এবং দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়া।





