কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২০ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন, এবার যদি কোনো কেন্দ্র দখল করা হয়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শবে বরাতের রাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশকে ২৫,৭০০ বডিওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে। এরপরও কেউ কোনো রকম এদিক-সেদিক করলে, সে ভাই হোক বা বোন হোক, কেউ ছাড় পাবে না। ছবি ধরে রাখা হবে, জামিন নেওয়ার পরও ধরা পড়বে।”

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রশংসনীয়। এবারের নির্বাচনে সাংবাদিকদের পোলিং সেন্টারে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, তাই কোনো ধরনের হামলার আশঙ্কা নেই।

আরও পড়ুন: নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতার ঘটনা, ৫ জন নিহত

ঝিনাইগাতির ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে, তবে তারা আইনের আওতায় আসবেই।”

ফলাফল ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ফলাফল প্রস্তুত হলে তা ঘোষণা করা হবে। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট থাকায়, কত ভোট পেলেন তা সঙ্গে সঙ্গে মোবাইলে জানা যাবে।”

সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র‌্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।