বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৫ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি স্বাক্ষরের দিনই এটি কার্যকর হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি আইনি কাঠামো স্থাপন করা হয়েছে। যৌথভাবে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে—বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখার উদ্যোগে—এই সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা যাবে।

চুক্তিতে প্রতিটি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও যাচাই প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া হস্তান্তরিত সরঞ্জাম ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে মৌলিক নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তর বা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার রোধের নিয়ন্ত্রণব্যবস্থার কথাও চুক্তিতে উল্লেখ আছে।

আরও পড়ুন: রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বজায় রাখা ও উন্নয়নে সহায়ক হবে, যা দেশটির নিরাপত্তা জোরদার করতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।