ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সরকার এই প্রক্রিয়া বিলম্বিত করতে চায় না এবং সংবিধানসম্মত উপায়ে দ্রুত দায়িত্ব হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা সম্ভব। সে হিসেবে আগামী ১৫, ১৬ কিংবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সিআইডি প্রধানের

একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো গুঞ্জনের বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেই সরকার সরে যাবে।