অন্যায়ের ঘটনাকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে মূল লড়াই: তাসনিম জারা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচিত হলে সৎ থাকা সম্ভব হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক ‘বড় ভাই’ বা ‘নেতা’দের দাপট থামানো যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার মূল লড়াইয়ের পথ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

তাসনিম জারা লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; বরং প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া। তিনি বলেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় জনসম্মুখে উন্মোচিত হওয়ার বিষয়টি।

তিনি আরও লেখেন, কোনো অন্যায়ের ঘটনা সঠিকভাবে ডকুমেন্ট করে জনসমক্ষে তুলে ধরা হলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে।

আরও পড়ুন: স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন

নিজের সক্ষমতার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, এই লড়াইয়ের জন্য তার হাতে দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার রয়েছে। প্রথমত, প্রমাণ (এভিডেন্স) কীভাবে সঠিকভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়—সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, কোনো মধ্যস্থতাকারী মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তার রয়েছে।

তিনি বলেন, “আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করব। পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো যেতে পারে, কিন্তু তথ্য ও জনমতের মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি করা যায়, তা উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও তা পারেনি।”