যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত করতে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি।

যদিও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক গণমাধ্যমকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন উভয় কর্মকর্তা।

আরও পড়ুন: ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল প্রয়োজনে বলপ্রয়োগ: সেনাসদর

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন: দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং এনবিআর কমিশনার রইছ উদ্দিন খান।

সরকারি আদেশ অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবে।

আরও পড়ুন: স্ত্রীর সহ সাবেক বিমান এমডির ৭ দিনের রিমান্ড আবেদন, দুর্নীতি অনুসন্ধান

চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যেই ঢাকায় বসে চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। প্রতিনিধি দলটি সেই স্বাক্ষরিত কপি ওয়াশিংটনে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপান সফরের কারণে শীর্ষ দুই কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনে যেতে পারছেন না।

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের দিন নির্ধারিত রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী জাপান সফরে অংশ নেবার পরিকল্পনা রয়েছে।