নির্বাচনী অভিযোগ প্রতিকারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও অভিযোগ নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন-সংক্রান্ত যে কোনো অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

মন্ত্রণালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পুরো কার্যক্রম তদারকির জন্য প্রতিদিন একজন করে যুগ্মসচিবকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিটি শিফটে একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়করা নিয়োজিত থাকবেন।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

অফিস আদেশে আরও বলা হয়, কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

সরকার আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ায় দ্রুত সমন্বয়, অভিযোগ নিষ্পত্তি এবং সার্বিক প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হবে।