জনগণের ট্যাক্সে চলি, জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির
মন্ত্রী বলেন, “বিধ্বস্ত অর্থনীতি ও দুর্বল রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন, একটি সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।
ভিন্নমত ও বিভেদ ভুলে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়েই সম্ভব।
আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে জামায়াতের পুষ্পস্তবক অর্পণ
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক কাঠামো পুনর্গঠন নয়, জনগণের আস্থা পুনরুদ্ধার করাও সমান গুরুত্বপূর্ণ। কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানই উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি।
গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি আবেগের বিষয় নয়, বরং সামাজিক বাস্তবতা। কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপরও জোর দেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়; বরং এটি জনগণের সঙ্গে একটি সামাজিক চুক্তি। একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে তুলতে মন্ত্রণালয়কে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।





