এ ধরনের বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না: ধর্ষণ ইস্যুতে সাদিক কায়েম

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরায় ছয় বছর বয়সী এক শিশুকে নির্যাতনের পর হত্যার অভিযোগ এবং নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর গণধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব দাবি জানান।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুরায় ছয় বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, মামলা করতে থানায় গেলে ভুক্তভোগী পরিবারকে ঘটনাটি ‘দুর্ঘটনা’ হিসেবে মেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে স্থানীয়দের বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের পর মামলা নেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা প্রত্যাহারের জন্য পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী, অপরাধীদের বিচারের আওতায় না এনে স্থানীয় এক ইউপি সদস্য ও বিএনপি নেতা ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেন। পরবর্তীতে কিশোরী ন্যায়বিচারের দাবিতে অনড় থাকায় তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযুক্তদের রক্ষার চেষ্টা করার অভিযোগও তোলা হয়।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক

সাদিক কায়েম বলেন, “এ ধরনের বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না। অপরাধীরা প্রভাবশালী হওয়ায় যদি আইনের আওতার বাইরে থাকে, তবে তা রাষ্ট্র ও বিচারব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশব্যাপী সংঘটিত এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং দায়িত্বে অবহেলা বা প্রভাব খাটানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।