প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে কাজ শুরু করেছে: জনপ্রশাসন উপদেষ্টা

Sadek Ali
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিনি একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখছেন এবং সে অনুযায়ী দায়িত্ব বণ্টন ও কাজ আদায় করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউস–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা লক্ষ্মীপুরে সফরে যান ইসমাইল জবিউল্লাহ।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

তিনি বলেন, বর্তমান সরকারের কার্যক্রম বিশ্বে প্রশংসিত হয়েছে এবং এটি বাংলাদেশের জন্য অনুপ্রেরণাদায়ক। সামনে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে জনপ্রশাসনে দলীয়করণের প্রভাব পড়েছিল, যার ফলে নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন নীতিমালার আলোকে একটি মেধাভিত্তিক, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে, যা জনগণের সেবক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

তিনি আরও বলেন, নির্বাচনে জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই বিজয়ের সঙ্গে বড় দায়বদ্ধতাও এসেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সরকারের প্রধান লক্ষ্য। একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিন সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।