মধ্যপ্রাচ্যে সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ সব গন্তব্যে ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের গন্তব্যে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে সরাসরি হেল্পলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এক বিবৃতিতে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য আগেভাগে এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে এয়ারলাইন্সের প্রতিনিধিদের উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদানের ওপর জোর দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণ পরিকল্পনা থাকা যাত্রীরা নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।