জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের কল্যাণে বিশেষ পদক্ষেপ: হাফিজ উদ্দিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের প্রভাবে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

মন্ত্রী বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি আহত ও শহীদ পরিবারের কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভাতা ও পুনর্বাসন কার্যক্রম

আরও পড়ুন: রাজধানীর গণপরিবহনে ১৮০ দিনের পরিবর্তন কর্মসূচি অগ্রাধিকার

হাফিজ উদ্দিন আহমদ জানান, আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে ভাগ করে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে।

* ক শ্রেণি: প্রায় ২০ হাজার টাকা

* খ শ্রেণি: ১৫ হাজার টাকা

* গ শ্রেণি: নির্ধারিত হারে ভাতা

শহীদ প্রতিটি পরিবারের জন্য ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। যেসব শহীদ পরিবারের সন্তান শিক্ষার বাইরে চলে গেছে, তাদের ভাতা দিয়ে আবার শিক্ষায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

যারা হাত-পা হারিয়েছেন বা কর্মক্ষমতা কমে গেছে, তাদের ছোট আকারের ব্যবসা চালুর সুযোগ তৈরি করার বিষয়েও আলোচনা চলছে। পুনর্বাসনে বিআরডিবি ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেছেন, কোনো শিশুই যেন পিতৃহারা হওয়ার কারণে শিক্ষার বাইরে না থাকে।

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই

মন্ত্রী জানান, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় এক লাখ। পরবর্তী সময়ে তা বেড়ে আড়াই লাখে পৌঁছায়, যার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাও অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিগত সময়ে ১৬ জন সচিব ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের ভাতা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে তালিকা যাচাই-বাছাই করছে। ইতোমধ্যে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যায়ভাবে নেওয়া আর্থিক সুবিধা পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হবে বলে তিনি জানান।