‘ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক ফোঁটাও বাড়বে না’: বাণিজ্যমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম এক ফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকদিনে বাজারে সংকটের কারণে আতঙ্কিত হয়ে কিছু ভোক্তা অতিরিক্ত কেনাকাটা করেছে, যা সাময়িকভাবে সরবরাহে চাপ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: সরকারি দলের সংসদীয় বৈঠক বুধবার

মন্ত্রী জানান, বিভিন্ন গণমাধ্যমে ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামের খবর প্রচার হওয়ার পর বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের তথ্য অনুযায়ী, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

তিনি আরও বলেন, কিছু দোকানে সীমিত মজুত রাখা ও অতিরিক্ত মূল্যে বিক্রির ঘটনা ঘটতে পারে, তবে এটি সাময়িক এবং মোট বাজার পরিস্থিতি স্থিতিশীল। বাণিজ্যমন্ত্রী ভোক্তাদের সতর্ক করে বলেন, আতঙ্কিত হয়ে অযথা বেশি কেনাকাটা না করার আহ্বান জানান।

আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই নতুন প্রসিকিউটর নিয়োগ

মন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেলের ক্ষেত্রে কোনো সংকট নেই। বাজারে অনিয়ম বা অতিরিক্ত মূল্য প্রয়োগ ধরা পড়লে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত তদারকি ও অভিযান চালাবে।

শেষে তিনি নিশ্চিত করেন, “ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।”