পর্যাপ্ত তেল আছে, পাম্পে লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী
দেশের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি না করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের ডিপোগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তাই পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
মন্ত্রী জানান, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহ কমায়নি। তিনি বলেন, “আপনাদের প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনবেন না। অযথা স্টক করলে ভিড় বেড়ে যাবে এবং লাইন দীর্ঘ হবে। আমরা যথেষ্ট তেল সরবরাহ করছি।”
আরও পড়ুন: লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এই বছর ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করা হয়েছে। ঈদের দিন এবং পরবর্তী সরকারি ছুটির কারণে কিছু সময় ডিপোগুলো বন্ধ থাকায় সাময়িকভাবে পাম্পগুলোতে তেলের সল্পতা দেখা দিতে পারে। তবে আজ সকাল থেকে ডিপোগুলো পুনরায় চালু হয়েছে এবং পাম্পগুলো পর্যাপ্ত তেল পাবে।
জ্বালানিমন্ত্রী জনগণকে প্যানিক না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রয়োজনের বেশি তেল না নিলে লাইন কম থাকবে এবং অস্থিরতা তৈরি হবে না। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে এই সমস্যার সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি। তেলের কোনো সংকট হবে না।”
আরও পড়ুন: পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী





