গুলশানে ফ্ল্যাট দখলচেষ্টা মামলা
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলচেষ্টা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন— সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল জানান, মামলার নির্ধারিত তারিখে ১৫ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজিরা দেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরী সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। অপর চার আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গুলশান মডেল টাউন এলাকার একটি ভবনের ফ্ল্যাট দখলচেষ্টা নিয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়, ২০০৬ সালে ভবন নির্মাণসংক্রান্ত একটি চুক্তির পর ২০০৭ সালে ফ্ল্যাট বুঝে পান ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে মালিকের মৃত্যুর পর আসামিরা জাল দলিল তৈরি করে ফ্ল্যাট দখলের চেষ্টা চালান।
আরও অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের পর আসামিরা আরও সক্রিয় হয়ে ওঠেন। গত ১৪ জুলাই ফ্ল্যাটে প্রবেশ করে তালা ভাঙা, দখলচেষ্টা এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পরবর্তীতে ২৮ আগস্ট পুনরায় হামলা চালিয়ে বাসার সদস্যদের আহত করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।





