সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএওর ট্রেনিং ইন্সট্রাক্টরস কোর্স শুরু

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর পাঁচ দিনব্যাপী Training Instructors Course (TIC) শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই কোর্সটি চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই কোর্সের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান। তিনি বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন খাত অত্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। এই কোর্স প্রশিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ICAO-এর আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের এভিয়েশন খাত আরও আধুনিক, দক্ষ ও নিরাপদ হয়ে উঠবে। মানসম্পন্ন প্রশিক্ষক তৈরির মাধ্যমেই এ খাতে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ICAO Certified Instructor এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি জানান, এই কোর্সটি ICAO-এর competency-based training পদ্ধতির ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে।

তার মতে, অংশগ্রহণকারীরা এখানে আধুনিক প্রশিক্ষণ কৌশল, কার্যকর উপস্থাপন দক্ষতা, মূল্যায়ন পদ্ধতি এবং প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা তাদের আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ দিতে সক্ষম করে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির উপ-পরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই কোর্সে বেবিচক-এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা ICAO নির্ধারিত মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং ICAO কর্তৃক সনদ লাভ করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন।