লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ
যুক্তরাজ্যের লন্ডন-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, পারিবারিক পরিস্থিতির কারণে লন্ডনে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ নেই।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, এই দায়িত্ব গ্রহণের আগে আকবর হোসেন দীর্ঘদিন ধরে বিবিসি বাংলা-এর ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী





