ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ, পোকা নিয়ে সংসদে বক্তব্য
রাজধানীর ঢাকা ওয়াসা-এর সরবরাহকৃত পানির মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম বলেছেন, ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা থাকার কারণে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের আলোচনায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন। একই সঙ্গে তিনি রাজধানীর চারটি প্রধান সমস্যার দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুমসহ বিভিন্ন সরঞ্জাম
তিনি বলেন, রাজধানীর অনেক এলাকায় সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ ও অস্বাভাবিক উপাদান থাকায় জনগণ চরম দুর্ভোগে পড়েছে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলেও তিনি উল্লেখ করেন।
পানি সংকটের পাশাপাশি তিনি ঢাকার জলাবদ্ধতাকে অন্যতম বড় সমস্যা হিসেবে তুলে ধরেন। তার মতে, শহরের প্রাকৃতিক খালগুলো ভরাট ও বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ধানমন্ডি-২৭, বিজয় সরণি ও পান্থপথের উত্তরাংশসহ একাধিক এলাকায় হাঁটুপানি জমে থাকে বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক
তিনি আরও বলেন, পান্থপথ এলাকার একটি খাল বন্ধ করে সেখানে স্থাপনা নির্মাণের কারণে আশপাশের আবাসিক এলাকায় জলাবদ্ধতা বেড়েছে। বর্ষার আগেই এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনাকেও বড় সংকট হিসেবে উল্লেখ করে এমপি সাইফুল আলম বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য ও ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।
এছাড়া তিনি গ্যাস সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, রাজধানীর বহু গ্যাস লাইন ৪০–৫০ বছর পুরোনো হয়ে গেছে, যা দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করা জরুরি।





