‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার’

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২৫ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর যানবাহনে আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা তুলে ধরে অভিযোগ করেন, জ্বালানি সংকট ও রেশনিংয়ের কারণে পুলিশি টহল কমে গেছে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত উদ্বেগ সরকার ইতোমধ্যে বিবেচনায় নিয়েছে। তিনি জানান, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা (এমবার্গো) প্রত্যাহার করা হয়েছে। এর ফলে টহল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে