১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশ হবেন নারী
সারা দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এ নিয়োগের প্রায় ৮০ শতাংশই নারী হবেন।
সোমবার (২৭ এপ্রিল) যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বজুড়ে চিকিৎসাসেবা ব্যয়বহুল হওয়ায় সরকারের লক্ষ্য শুধু চিকিৎসা প্রদান নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে হাসপাতালে রোগীর চাপ কমানো। এ লক্ষ্যেই সারাদেশে বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ
তিনি আরও বলেন, এসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী সদস্যদের পুষ্টিকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে উদ্বুদ্ধ করবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে রোগ প্রতিরোধ সম্ভব হলে স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।
এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।





