ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান মহল। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। বুধবার (৬ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইব্রাহিম আল জারওয়ান, যিনি আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান ইউনিয়নের সদস্যও, জানান যে জিলহজ মাসের চাঁদ সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রোববার (১৭ মে) রাত ১২টা ১ মিনিটে দেখা যেতে পারে।
আরও পড়ুন: নতুন পে-স্কেলের গেজেটে বিলম্ব, সেপ্টেম্বরে প্রকাশের সম্ভাবনা; বকেয়াসহ বেতন পাওয়ার আশা
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) আরাফার দিন এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং এটি দিগন্তের প্রায় ১০ ডিগ্রি উপরে অবস্থান করবে। ফলে অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: গ্রামই জাতীয় উন্নয়নের ভিত্তি, পল্লি উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
তবে জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, এসব তারিখ বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। জিলহজ মাস শুরু, আরাফার দিন এবং ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে চূড়ান্ত তারিখ।





