ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কবি নজরুল: রিজভী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আজও জাতীয় ও সামাজিক জীবনে সমানভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক হিসেবে নজরুল যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছেন।
সোমবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
রিজভী বলেন, উপমহাদেশে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনে তার কবিতা ও গান মানুষকে সাহস যুগিয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে নজরুলের আদর্শ ও চেতনা ছিল প্রধান অনুপ্রেরণা। বিদ্রোহী কবির মানবতা ও সাম্যের বাণী আজও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দিকনির্দেশনা দেয়।
আরও পড়ুন: পদত্যাগের পর বঙ্গভবনের চারপাশে উৎসুক জনতার ভিড়
বিএনপির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অঙ্গীকার বাস্তবায়নের যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন, সেখানেও নজরুলের চেতনা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
তিনি জানান, নজরুল বর্ষ উপলক্ষে বছরজুড়ে জাতীয় কবিকে বিভিন্ন আয়োজনে স্মরণ করা হবে।





