৭ জুন খুলছে স্কুল-কলেজ, ১৪ জুন মাদরাসা
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘ ১৬ দিনের ছুটি কাটিয়ে লাখো শিক্ষার্থী আবারও শ্রেণিকক্ষে ফিরবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হচ্ছে ৪ জুন। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলছে ৭ জুন।
আরও পড়ুন: প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে প্রবেশ করে।
অন্যদিকে দেশের মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোর ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় নিয়েই বাজেট: অর্থমন্ত্রী
ফলে মাদরাসার শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছে।
এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের জন্য আগামী কয়েক মাসে আরও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বরে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষেও ছুটি নির্ধারিত রয়েছে।





