মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ২২ জুন ২০২৬ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী দুই দিন অবস্থান করবেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের নয়া উদ্যোগ

দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন। বেইজিংয়ে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

উল্লেখ্য, গতকাল দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।