চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৬:৪১ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

আরও পড়ুন: নিউইয়র্ক সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।

জানা গেছে, বেইজিং-ঢাকা রুটে সরাসরি পরিচালিত এ ফ্লাইটে যাত্রায় সাধারণত প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। সে হিসাবে বাংলাদেশ সময় রাত ৮টা বা এর কিছু পর প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: হাতির চলাচলে সীমান্তের বেড়া খুলতে ভারতকে অনুরোধ করবে সরকার

এর আগে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে প্রথমে মালয়েশিয়া সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সফরের শেষ দিনে শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর ছিল তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর।