প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। সোমবার (৬ জুলাই ) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও বৈঠকের আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: নতুন পে-স্কেলের গেজেটে বিলম্ব, সেপ্টেম্বরে প্রকাশের সম্ভাবনা; বকেয়াসহ বেতন পাওয়ার আশা
সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক, অর্থনৈতিক, শ্রমবাজার এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান। দুই দেশের উচ্চপর্যায়ের এ ধরনের বৈঠক পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত।
আরও পড়ুন: গ্রামই জাতীয় উন্নয়নের ভিত্তি, পল্লি উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর





