সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ডে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে একটি পরিত্যক্ত বাস অপসারণের পাশাপাশি দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

ডিএসসিসি জানায়, অভিযানের সময় বাসস্ট্যান্ডের ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়। বাসটি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

এছাড়া বাসস্ট্যান্ডের অভ্যন্তরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুন: মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।