জাতীয় সংসদ প্রাঙ্গণে বিকেলে জমির উদ্দিন সরকারের জানাজা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে জাতীয় সংসদের নির্ধারিত চত্বরে দাফন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ মর্যাদায় জানাজা শেষে সংসদ প্রাঙ্গণেই তার দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আকস্মিক প্রয়াণে সংসদীয় অঙ্গনসহ রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী